কক্সবাজারে পেটের ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় মোঃ হিলাল উদ্দিন (৩২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৫৮০ পিস ইয়াবা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের রেজুখাল চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করে ৩৪ বিজিবির একটি তল্লাশিদল।
আটক হিলাল উদ্দিন রাজবাড়ী জেলার পাংশা থানার পারডেমনামারা গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, সকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসে তল্লাশির সময় হিলাল উদ্দিনের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তাকে তল্লাশি করলে তার পেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৫৮০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি স্মার্টফোনও জব্দ করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ। মাদক পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজিবি জানায়, আটক ব্যক্তিকে উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা অন্যান্য মালামালসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চেয়ারম্যান : নিশিতা বড়ুয়া, পরিচালক : মুমতাহিনা মুমু
নিউজ নিমুরা প্রধান কার্যলয় : ফজল ভিলা, ৭৪৫/এ, শহীদ মির্জা লেইন, মেহদীবাগ, চট্টগ্রাম। মোবাইল : ০১৭৯৫৯৯৯১০৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত