
বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও’- হেমন্ত মুখোপাধ্যায়ের জনপ্রিয় এই গানের লাইন থেকেই নাম নেওয়া হয়েছে নাটক ‘পথের সাথীকে চিনে নিও’। জুবায়ের ইবনে বকরের নির্মাণে নাটকটি গত ১০ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে বাংলাভিশনের ইউটিউব চ্যানেলে।
মুক্তির পর দর্শকের বেশ সাড়া পেলেও এবার নাটকের গল্পে বিসিএস ক্যাডার চরিত্রের উপস্থাপন নিয়ে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুশফিক আর ফারহান।
প্রকাশের পর অল্প সময়েই নাটকটির ভিউ ছাড়িয়েছে ৫১ লাখ। ইউটিউবেও এসেছে প্রায় দেড় হাজার মন্তব্য। অনেক দর্শক নাটকটির প্রশংসা করলেও সচেতন দর্শকের একটি অংশ গল্পে সরকারি চাকরি ও বিসিএস ক্যাডার সম্পর্কিত তথ্যের অসঙ্গতি তুলে ধরছেন।
নাটকে মইন খান চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। গল্পের শুরুতে মইনকে আর্থিকভাবে অসচ্ছল তরুণ হিসেবে দেখা যায়। অর্থনৈতিক অবস্থার কারণে একপর্যায়ে প্রেমিকার সঙ্গে তার সম্পর্ক ভেঙে যায়। পরে মইন বিসিএস ক্যাডার হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব নেন।
আর এখানেই প্রশ্ন তুলছেন দর্শকের একাংশ। তাদের অভিযোগ, নাটকে মইনকে চাকরিতে যোগদানের প্রথম দিনেই ইউএনও হিসেবে দেখানো হয়েছে, যা বাস্তব প্রশাসনিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এ ছাড়া নাটকে মইনের পদকে ‘অ্যাসোসিয়েট ম্যাজিস্ট্রেট’ হিসেবে উল্লেখ করা হয়েছে। দর্শকদের দাবি, বাংলাদেশের সরকারি চাকরির কাঠামোয় এ নামে কোনো পদ নেই। নাটকের একটি নামফলকে উত্তরাকে উপজেলা হিসেবে উল্লেখ করা নিয়েও সামাজিক মাধ্যমে সমালোচনা দেখা গেছে।
এমবি/নিউজনিমুরা