
চট্টগ্রামের পটিয়ায় ছয় পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন বাদী নুর হোসেন। রোববার (১ নভেম্বর) সকালে পটিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে মামলা প্রত্যাহারের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।
মামলার আসামিরা হলেন পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক যুগান্তর এবং বাংলা টিভির প্রতিনিধি আবেদুজ্জমান আমিরী, সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশের প্রতিনিধি রবিউল হোসেন, অর্থ সম্পাদক এবং দৈনিক জনকণ্ঠ ও সুপ্রভাতের প্রতিনিধি বিকাশ চৌধুরী, চট্টগ্রাম মঞ্চের প্রতিনিধি ও সাবেক সাধারণ সম্পাদক গোলাম কাদের, আপ্যায়ন সম্পাদক ও দেশ টিভির প্রতিনিধি মহিউদ্দিন চৌধুরী এবং সদস্য ও দৈনিক দেশ রূপান্তর ও আনন্দ টিভির দক্ষিণ জেলা প্রতিনিধি আ.ন.ম. সেলিম চৌধুরী।
জানা গেছে, চলতি বছরের ১১ জুন সাংবাদিক নুর হোসেন বাদী হয়ে ১৭/২৬ নম্বর মামলাটি দায়ের করেন। পরবর্তীতে কয়েকজনের প্ররোচনায় মামলাটি দায়ের করা হয়েছিল বলে উপলব্ধি করেন তিনি। সাংবাদিকদের মধ্যে বিভেদ সৃষ্টি ও পেশাগত ঐক্যে ফাটল ধরার আশঙ্কা থেকে নিজ উদ্যোগে মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
শুনানিতে অংশ নেওয়া অ্যাডভোকেট শাহীনা আকতার জানান, আদালত মামলা প্রত্যাহারের আবেদন গ্রহণ করে পটিয়া থানা-পুলিশকে বিনা মন্তব্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দিয়েছেন।
এ বিষয়ে পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল হোসেন বলেন, পেশাগত ঐক্য অটুট রাখতে সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন। তিনি আরও জানান, পটিয়া প্রেস ক্লাবের নির্বাচিত কমিটি গত ১ জুন থেকে দায়িত্ব পালন করে আসছে।
মামলা প্রত্যাহারের আবেদনে আদালতের অনুমোদনের মধ্য দিয়ে ছয় সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলাটির আইনি প্রক্রিয়া অবসানের পথে এগিয়েছে।
