
আসছে বছর আবার হবে’ এই বার্তা দিয়ে পৃথিবী থেকে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। আজ শুভ বিজয়াদশমী। দুষ্টের দমন শিষ্টের পালনের বার্তা নিয়ে মর্ত্যে আসেন দেবী। দশমী তিথিতে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।
পঞ্জিকা মতে, আজ তিথি অনুযায়ী সম্পন্ন হবে দেবী দুর্গার দশমী বিহিত পূজা। পূজা শেষে দর্পণ বিসর্জন করা হবে। উপবাস থেকে অঞ্জলি প্রদান করবেন ভক্তরা। পূজার আনুষ্ঠানিকতা শেষে বিভিন্ন মণ্ডপে সিঁদুর খেলা ও দেবী বরণের আয়োজন করা হবে।
পরে বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের দুর্গোৎসব। উৎসবের শেষলগ্নে মণ্ডপে মণ্ডপে আনন্দের পাশাপাশি বিরাজ করছে বিদায়ের সুর। দেবীর বিদায় ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে আবেগঘন পরিবেশ
এ বছর দেবীর মর্ত্যে আগমন ঘটেছে ঘোড়ায় এবং দেবী দুর্গা নৌকায় কৈলাসে গমন করবেন।
নৌকার অর্থ বোঝায় বন্যা বা জলমগ্ন। তবে নৌকায় আগমন বা গমনের ফলস্বরূপ শস্যপূর্ণ বসুন্ধরাও বোঝানো হয়। কারণ, বন্যা বা জলমগ্ন হলে জলের অভাব বা আকাল না থাকা এবং প্লাবনের পরবর্তী কালে পলিপূর্ণ ভূমিতে ফসলের ফলন বৃদ্ধি ঘটে।