
নেপালে ভয়াবহ বন্যার পর নিখোঁজ স্বজনদের খোঁজে রাজধানী কাঠমান্ডুর একটি হাসপাতালের দেয়ালে ভিড় করছেন পরিবারের সদস্যরা। দেয়ালজুড়ে টাঙানো হয়েছে নিখোঁজ ব্যক্তিদের ছবি। সেখানে উদ্ধার হওয়া কিন্তু এখনো শনাক্ত না হওয়া মরদেহের ছবিও রাখা হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।
গত সপ্তাহে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপালে ১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এখনো প্রায় ৪ হাজার ২০০ জন নিখোঁজ রয়েছেন। এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে যাওয়ায় নিখোঁজদের জীবিত উদ্ধারের আশা ধীরে ধীরে কমে আসছে। তবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে নেপালের কর্তৃপক্ষ।
উদ্ধারকারীদের ধারণা, প্রায় ৯০০ মানুষ এখনো জলবিদ্যুৎকেন্দ্রগুলোতে আটকা পড়ে থাকতে পারেন। দুর্গম পাহাড়ি এলাকায় তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
বুধবার রাতে কাঠমান্ডুর হাসপাতালের দেয়ালের সামনে কয়েকজনকে ছবিগুলো মনোযোগ দিয়ে দেখতে দেখা যায়। কেউ কেউ কাছাকাছি থাকা নিরাপত্তাকর্মীদের কাছে নিখোঁজ স্বজনের নাম জানতে চাইছিলেন।
দেয়ালে থাকা ছবিগুলোর কিছু পোস্টারের সঙ্গে টাঙানো হয়েছে। সেখানে নিখোঁজ ব্যক্তির পরিচয় ও যোগাযোগের নম্বর লেখা রয়েছে। আবার কিছু ছবির নিচে হাতে লেখা তথ্য রয়েছে।
এদিকে কাঠমান্ডুর বাগমতী নদীর তীরে পশুপতিনাথ মন্দিরে কিছু পরিবার নিখোঁজ স্বজনের মরদেহ না পাওয়ার পর খড় দিয়ে তৈরি প্রতীকী মরদেহের শেষকৃত্য করছেন
এমবি/নিউজনিমুরা