

খোরশেদুল আলম উপজেলার পদুয়া ইউনিয়নের আলী সিকদার পাড়ার বাসিন্দা। তার অভিযোগ, পদুয়া স্টেশন এলাকায় পৈতৃক সম্পত্তিতে অবস্থিত দোকানঘরটি দখলের চেষ্টা করে আসছেন তার চাচাতো ভাই মো. নাছির উদ্দিন, মো. শাহাব উদ্দিন, জসিম উদ্দিন ও তাদের সহযোগী মোহাম্মদ ইউসুফসহ কয়েকজন। এর আগে দোকান থেকে মালামাল সরিয়ে তালা লাগিয়ে দেওয়ার ঘটনায় তিনি লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে খোরশেদুল আলম জানান, অভিযোগের পর গত ১৭ নভেম্বর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে বৈঠক হয়। সেখানে স্থানীয় ব্যক্তিরা দোকানের চাবি তাকে ফিরিয়ে দেওয়া এবং আগের মতো ব্যবসা পরিচালনার নির্দেশনা দেন। পরে তিনি দোকানে চাল, গ্যাসের বোতলসহ বিভিন্ন মালামাল মজুত করেন।
তার দাবি, গত ২৩ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার সুযোগে অভিযুক্তরা পেছনের দেয়াল ভেঙে দোকানে প্রবেশ করেন। এ সময় দোকানে থাকা ৪২০টির বেশি চালের বস্তা, ২০টি গ্যাসের বোতলসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়।
খোরশেদুল আলম আরও অভিযোগ করেন, এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা তাকে গালিগালাজ ও মারধরের হুমকি দেন। এতে নিরাপত্তাহীনতায় তিনি ঘটনাস্থলের পাশের একটি নিরাপদ স্থানে আশ্রয় নেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা সেখান থেকে সরে যান বলে তিনি দাবি করেন।
নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং হয়রানি থেকে রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন খোরশেদুল আলম।
এমবি/নিউজনিমুরা